প্রকাশিত: Mon, Jun 19, 2023 9:20 AM
আপডেট: Wed, Apr 29, 2026 10:39 AM

মেয়র পদ থেকে জাহাঙ্গীরের বরখাস্ত আইনানুগ ছিল না: হাইকোর্ট

মাজহারুল ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনানুগ ছিল না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল চূড়ান্তভাবে নিষ্পত্তি করে রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সূত্র: বাংলা ট্রিবিউন 

রায়ের পর জাহাঙ্গীরের আইনজীবী সাজ্জাদুল ইসলাম জানান, আদালত রিট মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। রায়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তারা। এর আগে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় কয়েক দফা পেছানো হয়। সূত্র: ঢাকা পোস্ট

গত বছরের ১৪ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়। 

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্পাদনা: তারিক আল বান্না